গত পাঁচ বছরের মাঝে সবচেয়ে শক্তিশালী সৌরঝড়(Solar storm) হয়ে গেল গত ৮-৯ মার্চ। সৌরঝড় হয় মূলত সৌরঝলকের(Solar flare) কারণে। সূর্যের আলোকমণ্ডলের উজ্জ্বল পৃষ্ঠে হঠাৎ হঠাৎ অধিকতর উজ্জ্বল অংশ দেখা যায়। এই স্বাতন্ত্র্য ঔজ্জ্বল্যকে সৌরঝলক বলে।সৌরঝলক গুলো সাধারণত সৌরকলঙ্কের(sun spot) কাছেই দেখা যায়। সৌরঝলকের মাধ্যমে বিপুল পরিমাণ ইলেকট্রন, আয়ন, অণু মহাকাশে মুক্ত হয়। খুব বড় সৌরঝলক প্রসারমান চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে যা সৌর কিরীটের(solar corona) মাধ্যমে সঞ্চারণশীল হয়। সূর্য থেকে মুক্ত হওয়া চার্জিত কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর আছড়ে পড়ে। এই সংঘর্ষের ফলে রেডিও ও তাপ বিকিরণ বিঘ্নিত হয়। তাই সৌরঝড়ের কারণে পৃথিবীতে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা, বিমান চলাচল ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে।
যদিও কোন অঘটন ছাড়াই হয়ে গেল এবারের সৌরঝড়। এর আগে ১৯৭২ সালে একটি সৌরঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে দূরপাল্লার টেলিযোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়ে। ১৯৮৯ সালে কানাডার কিউবেক প্রদেশের একটি পাওয়ার গ্রিডে আঘাত হানলে অন্তত ৬০ লাখ মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় হয় ১৮৫৯ সালে। তৎকালীন সময়ে পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা টেলিগ্রাফেই সীমাবদ্ধ ছিল। সৌরঝড়ের কারণে টেলিগ্রাফ যোগাযোগ অচল হয়ে পড়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন